ফেসবুক এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কনটেন্ট নির্মাতাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য আয়ের উৎসও বটে। ভিডিও বা রিলস আপলোড করে মনিটাইজেশনের মাধ্যমে আয় করার সুযোগ রয়েছে মেটার এই প্ল্যাটফর্মে। তবে অনেকের মনেই প্রশ্ন থাকে—ফেসবুকে ঠিক কত ভিউ হলে কত টাকা আয় হয়, আর মনিটাইজেশন পেতে কী কী শর্ত পূরণ করতে হয়।
ফেসবুক কেন টাকা দেয়
ফেসবুক মূলত ভিডিওর মধ্যে দেখানো বিজ্ঞাপন (অ্যাডস) থেকে আয় শেয়ার করে থাকে। অর্থাৎ শুধু ভিউ হলেই আয় নিশ্চিত হয় না, ভিডিওতে বিজ্ঞাপন দেখানো এবং দর্শক সেই বিজ্ঞাপন দেখা—এসবের ওপরই মূলত আয় নির্ভর করে। এই আয়ের হিসাবকে বলা হয় RPM (Revenue Per Mille), অর্থাৎ প্রতি ১,০০০ মনিটাইজড ভিউ থেকে একজন নির্মাতা কত টাকা আয় করছেন, সেটাই এই হিসাবের মূল ভিত্তি।
ফেসবুকের অ্যাড ব্রেকে সাধারণত তিন ধরনের বিজ্ঞাপন দেখানো হয়—ভিডিও চলাকালে দেখানো ইন-স্ট্রিম অ্যাড, ভিডিও শুরুর আগে দেখানো প্রি-রোল অ্যাড এবং মাঝপথে দেখানো মিড-রোল অ্যাড। ভিডিওর মান ও দৈর্ঘ্য সরাসরি আয়ের ওপর প্রভাব ফেলে; উচ্চমানের ও আকর্ষণীয় ভিডিও দর্শকদের ধরে রাখতে পারে বলে বেশি বিজ্ঞাপন দেখানোর সুযোগ তৈরি হয়।
ফেসবুকে কত ভিউ হলে কত টাকা আয় হয়
ফেসবুক নির্দিষ্ট কোনো স্থির রেট প্রকাশ করে না, বরং একাধিক বিষয়ের ওপর নির্ভর করে আয় ওঠানামা করে। বিজ্ঞাপনদাতা কোম্পানি কত টাকা ব্যয় করছে, সেই বিজ্ঞাপন ভিডিওতে কতবার দেখানো হচ্ছে—এসবের ভিত্তিতে আয়ের পরিমাণ কমবেশি হতে থাকে। কখনো ১ লাখ ভিউতে প্রায় ১০ হাজার টাকা আয় হতে দেখা যায়, আবার কখনো একই পরিমাণ ভিউতে আয় নেমে আসতে পারে প্রায় ৫ হাজার টাকায়।
রিলসের ক্ষেত্রে আয়ের হার তুলনামূলক কম। সাধারণভাবে বর্তমানে বেশিরভাগ নির্মাতা প্রতি ১,০০০ রিলস ভিউয়ে প্রায় ০.০২ থেকে ০.২০ ডলারের মতো আয় করেন, যা বাংলাদেশি টাকায় হিসাব করলে দাঁড়ায় প্রায় ২ থেকে ২৪ টাকার মতো।
তাই কেউ যদি জানতে চান "১০০ ভিউতে কত টাকা" বা "১ মিলিয়ন ভিউতে কত টাকা"—এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। ভিডিওর ধরন, বিষয়বস্তু, দর্শকদের অবস্থান, বিজ্ঞাপনদাতার চাহিদা—সবকিছুর সমন্বয়ে প্রতিটি ভিডিওর আয় ভিন্ন হতে পারে।
মনিটাইজেশন পেতে কী কী শর্ত পূরণ করতে হবে
শুধু ফলোয়ার সংখ্যা বা ভিডিও ভিউ দিয়েই এখন আর মনিটাইজেশনের যোগ্যতা মেলে না। ইন-স্ট্রিম অ্যাডসের জন্য প্রাথমিক শর্তগুলো হলো—
- পেজে অন্তত ৫,০০০ ফলোয়ার থাকতে হবে
- বিগত ৬০ দিনে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম (ভিডিও দেখার মোট সময়) থাকতে হবে
- পেজে কমপক্ষে ৫টি সক্রিয় ভিডিও থাকতে হবে, প্রতিটি অন্তত ১ মিনিট বা তার বেশি দৈর্ঘ্যের
- পেজের বয়স কমপক্ষে ৯০ দিন হতে হবে
- ভিডিও কনটেন্টে কোনো কপিরাইট লঙ্ঘন থাকা যাবে না
- পেজে কোনো ধরনের পলিসি ইস্যু বা মনিটাইজেশন সংক্রান্ত সমস্যা থাকা যাবে না
- এমন দেশে থাকতে হবে যেখানে ফেসবুক মনিটাইজেশন সুবিধা চালু আছে (বাংলাদেশ এই তালিকায় রয়েছে)
আগে ১০ হাজার ফলোয়ার ও ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করলেই মনিটাইজেশন চালু হয়ে যেত। তবে নতুন নীতিমালায় শর্তগুলোতে পরিবর্তন এসেছে, তাই আবেদনের আগে নিজের পেজের "View Page Eligibility" অপশনে গিয়ে সবশেষ শর্ত ও অবস্থা যাচাই করে নেওয়া ভালো।
আয় বাড়ানোর উপায়
ফেসবুক থেকে ভালো আয়ের জন্য নিয়মিত মানসম্পন্ন ভিডিও প্রকাশ করা জরুরি। দর্শক যত বেশি সময় ভিডিও দেখবেন, বিজ্ঞাপন দেখানোর সুযোগও তত বাড়বে। এ ছাড়া—
- ভিডিওর দৈর্ঘ্য ও মান নিয়মিত উন্নত রাখা
- কপিরাইট নিয়ম মেনে মৌলিক কনটেন্ট তৈরি করা
- দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারে এমন বিষয় বেছে নেওয়া
- নিয়মিত ভিডিও বা রিলস আপলোড করে পেজের সক্রিয়তা বজায় রাখা
এসব বিষয় মেনে চললে ধীরে ধীরে ওয়াচ টাইম ও ফলোয়ার বাড়ার পাশাপাশি আয়ও বাড়তে পারে।
প্রায়জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)
১. ফেসবুকে ১ লাখ ভিউতে কত টাকা আয় হয়? নির্দিষ্ট কোনো স্থির অঙ্ক নেই। বিজ্ঞাপনদাতা ও দর্শকভেদে ১ লাখ ভিউতে কখনো প্রায় ১০ হাজার টাকা, আবার কখনো প্রায় ৫ হাজার টাকা আয় হতে দেখা যায়।
২. ফেসবুক রিলসে ১,০০০ ভিউতে কত টাকা পাওয়া যায়? সাধারণত প্রতি ১,০০০ রিলস ভিউয়ে প্রায় ০.০২ থেকে ০.২০ ডলার আয় হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ থেকে ২৪ টাকার মতো।
৩. ফেসবুক মনিটাইজেশন পেতে কত ফলোয়ার লাগে? ইন-স্ট্রিম অ্যাডসের জন্য অন্তত ৫,০০০ ফলোয়ার প্রয়োজন। শুধু ১,০০০ ফলোয়ার থাকলে ফেসবুক সরাসরি আয় দেয় না।
৪. মনিটাইজেশনের জন্য কত মিনিট ওয়াচ টাইম দরকার? বিগত ৬০ দিনে অন্তত ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে।
৫. শুধু ফলোয়ার থাকলেই কি ফেসবুক আয় দেয়? না। ফলোয়ারের পাশাপাশি ওয়াচ টাইম, ভিডিওর মান, পেজের বয়স ও পলিসি সংক্রান্ত শর্তও পূরণ করতে হয়।
৬. বাংলাদেশ থেকে কি ফেসবুক মনিটাইজেশন করা যায়? হ্যাঁ, বাংলাদেশ ফেসবুকের মনিটাইজেশন সুবিধা চালু থাকা দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত।
৭. ফেসবুকে আয় কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? ভিডিওর মান ও দৈর্ঘ্য, বিজ্ঞাপনদাতার ব্যয়, দর্শকদের অবস্থান, ওয়াচ টাইম এবং কনটেন্টের ধরনের ওপর আয়ের পরিমাণ নির্ভর করে।

