বর্তমান ডিজিটাল যুগে শিশুদের জীবনেও প্রযুক্তির প্রভাব দিন দিন বাড়ছে। স্মার্টফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম এখন অনেক শিশুর দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কখনো শিশুরা বাবা-মায়ের অ্যাকাউন্ট ব্যবহার করছে, আবার কখনো অল্প বয়সেই তাদের জন্য আলাদা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে।
এর ফলে বয়স ও মানসিক পরিপক্বতার বিষয়টি না ভেবেই অনেক শিশু খুব অল্প বয়সে নানা ধরনের অনলাইন কনটেন্টের মুখোমুখি হচ্ছে। সামাজিক মাধ্যমে যেমন আছে শিক্ষামূলক ও সৃজনশীল কনটেন্ট, তেমনি আছে সহিংসতা, সাইবার বুলিং, অশালীনতা এবং বয়স-অনুপযোগী নানা বিষয়ও। এসব বিষয় শিশুর চিন্তাভাবনা, আচরণ ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শিশুদের প্রযুক্তি থেকে সম্পূর্ণ দূরে রাখার বদলে নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল অভ্যাস গড়ে তোলাই এখন সময়ের দাবি।
শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম কেন ঝুঁকিপূর্ণ
সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম সাধারণত ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী একের পর এক নতুন কনটেন্ট সামনে আনতে থাকে। ফলে একটি শিশু একবার নির্দিষ্ট ধরনের ভিডিও দেখলে পরবর্তীতে একই ধরনের আরও কনটেন্ট তার সামনে চলে আসতে থাকে।
মানসিকভাবে পরিপক্ব না হওয়ায় শিশুরা অনেক সময় বুঝে উঠতে পারে না কোন তথ্য সত্য, কোনটি বিভ্রান্তিকর, আর কোন কনটেন্ট তাদের জন্য ক্ষতিকর। ফলে অনলাইনের নেতিবাচক প্রভাব তারা সহজেই গ্রহণ করে ফেলতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার শিশুদের সাইবার বুলিংয়ের শিকার হওয়া, ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শে আসা, অতিরিক্ত স্ক্রিন-নির্ভরতা এবং নানা মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে যুক্ত। বিশেষত শরীরের গঠন, খাদ্যাভ্যাস, জনপ্রিয়তা বা অন্যের জীবনযাপন নিয়ে গড়ে ওঠা ভুল ধারণা শিশুর আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে।
শিশুদের দিয়ে কনটেন্ট তৈরি করানো কতটা যুক্তিসংগত
ফেসবুক রিলস, ইউটিউব শর্টসের মতো প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে আয়ের সুযোগ থাকায় অনেকেই এখন সামাজিক যোগাযোগমাধ্যমকে আয়ের উৎস হিসেবে ব্যবহার করছেন। সমস্যা তৈরি হয় তখনই, যখন শিশুদেরও এই বাণিজ্যিক কনটেন্ট তৈরির অংশ বানানো হয়—শিশুর ব্যক্তিগত মুহূর্ত, আচরণ, পোশাক বা কথাবার্তাকে দর্শক আকর্ষণের উপকরণ হিসেবে উপস্থাপন করা হয়।
অর্থ উপার্জনের সুযোগ থাকলেও শিশুর ব্যক্তিগত গোপনীয়তা, নিরাপত্তা ও মানসিক বিকাশের বিষয়টি অগ্রাহ্য করা হলে তা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ইউনিসেফ এ বিষয়ে গুরুত্বারোপ করেছে যে, শিশুদের শুধু ডিজিটাল কনটেন্টের ভোক্তা হিসেবে নয়, বরং অধিকারসম্পন্ন ব্যক্তি হিসেবেই বিবেচনা করা প্রয়োজন। শিশুর অনলাইন নিরাপত্তা, গোপনীয়তা ও সুস্থ বিকাশ নিশ্চিত করা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান ও রাষ্ট্র—সবার যৌথ দায়িত্ব।
বিশ্বজুড়ে বয়সসীমা নিয়ে নতুন উদ্যোগ
শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশ এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে কাজ করছে। অস্ট্রেলিয়া ইতিমধ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ কার্যকর করেছে, আর ডেনমার্কসহ আরও কয়েকটি দেশ কম বয়সীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়তে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে। যুক্তরাজ্যসহ আরও বেশ কিছু দেশে বয়স যাচাই, ব্যবহারের সময়সীমা নির্ধারণ এবং শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ তৈরির বিষয়টি এখন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।
শিশু ক্ষতিকর কনটেন্ট দেখে ফেললে অভিভাবকের করণীয়
শিশু অনলাইনে কোনো ক্ষতিকর বা অস্বস্তিকর কনটেন্ট দেখে ফেললে সবার আগে অভিভাবকের উচিত আতঙ্কিত না হওয়া। অনেক অভিভাবক এমন পরিস্থিতিতে শিশুকে বকাঝকা করে ফেলেন, যা ভবিষ্যতে শিশুকে বিষয়টি গোপন রাখতেই উৎসাহিত করতে পারে।
এর বদলে শিশুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে জেনে নেওয়া উচিত—সে ঠিক কী দেখেছে, কোথায় দেখেছে এবং তা দেখে তার কেমন অনুভূতি হয়েছে। শিশুর সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তোলা জরুরি, যাতে অনলাইনে কোনো সমস্যায় পড়লে সে নির্ভয়ে বাবা-মাকে জানাতে পারে।
শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল অভ্যাস গড়ে তোলার উপায়
১. স্ক্রিন ব্যবহারের সীমা নির্ধারণ করুন: পরিবারে মোবাইল বা ইন্টারনেট ব্যবহারের সুনির্দিষ্ট নিয়ম থাকা প্রয়োজন। কখন, কতক্ষণ এবং কোথায় ডিভাইস ব্যবহার করা যাবে, তা শিশুর সঙ্গে আলোচনা করে ঠিক করে নেওয়া ভালো। বিশেষত খাবারের সময়, পড়াশোনা ও ঘুমের সময় স্ক্রিন ব্যবহার সীমিত রাখা উচিত।
২. প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করুন: বর্তমানে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নিরাপত্তা ফিচার পাওয়া যায়। বয়স-উপযোগী প্যারেন্টাল কন্ট্রোল, নিরাপদ সার্চ ও কনটেন্ট ফিল্টার ব্যবহার করে শিশুর অনলাইন অভিজ্ঞতা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
৩. ব্যক্তিগত তথ্য শেয়ার না করার শিক্ষা দিন: শিশুকে শেখাতে হবে যে অনলাইনে তার পূর্ণ নাম, বাসার ঠিকানা, ফোন নম্বর, পাসওয়ার্ড বা ব্যক্তিগত ছবি কখনোই কারও সঙ্গে শেয়ার করা যাবে না।
৪. অনলাইন হয়রানি সম্পর্কে সচেতন করুন: সাইবার বুলিং, অচেনা ব্যক্তির বার্তা বা সন্দেহজনক লিংক সম্পর্কে শিশুকে স্পষ্ট ধারণা দিতে হবে। পাশাপাশি কোনো সমস্যা হলে কীভাবে রিপোর্ট করতে হয়, ব্লক করতে হয় বা সাহায্য চাইতে হয়—তাও শিখিয়ে দেওয়া জরুরি।
৫. বিকল্প সৃজনশীল কাজে উৎসাহ দিন: প্রযুক্তি-নির্ভরতা কমাতে শিশুদের বই পড়া, খেলাধুলা, ছবি আঁকা, গান শেখা কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়াতে হবে। বাস্তব জীবনের আনন্দ ও অভিজ্ঞতা বাড়লে শিশুর স্ক্রিন-নির্ভরতা স্বাভাবিকভাবেই কমে আসে।
শেষ কথা
শিশুকে প্রযুক্তি থেকে পুরোপুরি দূরে রাখা যেমন সবসময় সম্ভব নয়, তেমনি তা প্রয়োজনীয়ও নয়। বর্তমান সময়ে প্রযুক্তি হতে পারে শিক্ষা, সৃজনশীলতা ও নতুন কিছু শেখার একটি বড় মাধ্যম। তবে শিশুর বয়স, মানসিক পরিপক্বতা ও প্রয়োজন বিবেচনায় রেখে তাকে প্রযুক্তির নিরাপদ ব্যবহার শেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সামাজিক যোগাযোগমাধ্যম যেন শিশুর শৈশব কেড়ে না নিয়ে বরং তার শেখা ও বিকাশের নিরাপদ সহায়ক হয়ে ওঠে—সেদিকে নজর রাখা এখন পরিবার থেকে শুরু করে গোটা সমাজেরই দায়িত্ব।
