নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কবে বাড়বে, জেনে নিন বিস্তারিত

By
Mosabbir Masud
প্রকাশিত:
নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কবে বাড়বে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল নিয়ে প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্ন সূত্র বলছে, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। গেজেট প্রকাশের পর অক্টোবর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে শুরু করবেন বলে জানা গেছে।

তবে নতুন পে-স্কেল কার্যকর ধরা হবে চলতি বছরের ১ জুলাই থেকে। অর্থাৎ জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করে বকেয়া অর্থ পরবর্তীতে সমন্বয় করা হবে।

কেন বিলম্বিত হচ্ছে গেজেট প্রকাশ

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা নির্ধারণ, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের সার্বিক আর্থিক সক্ষমতা নিয়ে চলমান পর্যালোচনার কারণেই গেজেট প্রকাশে কিছুটা দেরি হচ্ছে। এসব বিষয় দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের প্রথম দিকেই নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে।

মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে, ভেটিংয়ের জন্য। এই আইনগত প্রক্রিয়া শেষ হলেই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সচিব কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে চূড়ান্ত সুপারিশ চূড়ান্ত করার আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেই বৈঠকে অবশিষ্ট বিষয়গুলো নিষ্পত্তি করে সুপারিশ চূড়ান্ত রূপ দেওয়া হবে।

এর আগে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে বেতন কমিশনের সুপারিশ, গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা, পেনশন এবং বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে সরকারের আর্থিক সক্ষমতার কথা বিবেচনায় নিয়ে কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ পুরোপুরি বাস্তবায়নের পরিবর্তে কিছু ক্ষেত্রে কাটছাঁটের বিষয়ও আলোচনায় এসেছে। বিশেষত মূল বেতন বৃদ্ধির হার এবং কয়েকটি ভাতা ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

ধাপে ধাপে দেওয়া হবে বকেয়া

সংশ্লিষ্ট এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে অক্টোবর থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন পে-স্কেলে বেতন পাবেন। এর আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর ধরা হলেও বকেয়া অর্থ একসঙ্গে পরিশোধ না করে কয়েক ধাপে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মূল্যস্ফীতির চাপ ও সরকারের আর্থিক সক্ষমতার কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। এর ফলে সরকারের ওপর একসঙ্গে বড় আর্থিক চাপ তৈরি হবে না।

অর্থমন্ত্রীর ভাষ্য

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগেই জানিয়েছিলেন, ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করা হবে এবং চলতি অর্থবছর থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে দেশের বর্তমান আর্থিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে বলে জানান তিনি। প্রাথমিকভাবে মূল বেতন কার্যকর করে পরবর্তীতে ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাস্তবায়নের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

এখন পর্যন্ত পুরোনো কাঠামোতেই বেতন

বর্তমানে গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগের বেতন কাঠামো অনুযায়ীই বেতন পাচ্ছেন। নতুন গেজেট প্রকাশের পর ১ জুলাই থেকে কার্যকর ধরে বেতন পুনর্নির্ধারণ করা হবে এবং বকেয়া অর্থ পরবর্তীতে ধাপে ধাপে সমন্বয় করা হবে।