ফোল্ডেবল স্মার্টফোনের ডিসপ্লে প্রযুক্তিকে আরও উন্নত করতে নতুন 'Flex Titanium' প্রযুক্তি উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের Galaxy Fold সিরিজের স্মার্টফোনে ডিসপ্লে হবে আরও শক্তিশালী, টেকসই এবং আগের তুলনায় ভাঁজের দাগ অনেক কম দৃশ্যমান।
বুধবার এক ঘোষণায় স্যামসাং জানায়, সাত প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন তৈরির অভিজ্ঞতার ভিত্তিতে নতুন এই ডিসপ্লে প্রযুক্তি তৈরি করা হয়েছে। এতে ডিসপ্লের ভেতরের কাঠামো নতুনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে পাতলা নকশা বজায় রেখেও দীর্ঘদিন নিরাপদে ব্যবহার করা যায়।
Flex Titanium প্রযুক্তি কীভাবে কাজ করে
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন Flex Titanium প্রযুক্তিতে দুটি টাইটানিয়ামভিত্তিক উপাদান ব্যবহার করা হয়েছে। এর একটি ডিসপ্লের নিচের অংশকে অতিরিক্ত শক্তিশালী করে, অন্যটি পুরো ডিসপ্লের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে বারবার ভাঁজ করলেও ডিসপ্লের ওপর চাপ কম পড়বে এবং দীর্ঘ সময় ব্যবহারের পরও এর স্থায়িত্ব বজায় থাকবে।
স্যামসাংয়ের মোবাইল গবেষণা ও উন্নয়ন বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সানঘুন মুন বলেন, 'ফোল্ডেবল স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে বড় ডিসপ্লে, কম দৃশ্যমান ভাঁজের দাগ এবং দীর্ঘস্থায়ী স্থায়িত্ব। নতুন Flex Titanium প্রযুক্তি সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, টাইটানিয়াম ধাতু সাধারণত মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট এবং উচ্চক্ষমতাসম্পন্ন বিভিন্ন প্রকৌশল কাজে ব্যবহার করা হয়। তবে এত পাতলা ও নমনীয় ডিসপ্লে কাঠামোর সঙ্গে এটি যুক্ত করা ছিল একটি বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ, যা দীর্ঘ গবেষণার মাধ্যমে সফলভাবে অতিক্রম করেছে স্যামসাং।
উজ্জ্বলতা বাড়বে, বিদ্যুৎ খরচ কমবে
নতুন ডিসপ্লে প্রযুক্তিতে উন্নত অর্গানিক উপাদান এবং উচ্চ রেজোলিউশনের ডিসপ্লে আর্কিটেকচারও যুক্ত করা হয়েছে। এর ফলে ডিসপ্লের উজ্জ্বলতা বাড়বে, রঙ আরও প্রাণবন্ত দেখাবে এবং আগের তুলনায় কম বিদ্যুৎ খরচ হবে। এতে ফোল্ডেবল স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপেও ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
যদিও স্যামসাং এখনো নির্দিষ্ট করে জানায়নি কোন Galaxy Fold মডেলে প্রথম এই প্রযুক্তি ব্যবহার করা হবে, তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আগামী প্রজন্মের Galaxy Fold সিরিজেই Flex Titanium প্রযুক্তির ব্যবহার দেখা যেতে পারে। বিশ্বজুড়ে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা বাড়তে থাকায় নতুন প্রযুক্তি উদ্ভাবনের ওপর জোর দিচ্ছে স্যামসাং।
- Tags:
- প্রযুক্তি
আপনার মতামত লিখুন :