নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি, জাতীয় দিবস ও শ্যামাপূজা মিলিয়ে আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর রোববার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। এর আগের দিন ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে।
যেসব প্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে
সরকারি ছুটির নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই তিন দিনের ছুটি কার্যকর হবে।
তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ না থাকায় মাদ্রাসাগুলোতে ৮ নভেম্বর পাঠদান বন্ধ থাকবে কি না, তা নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। এছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ছুটি কার্যকর হবে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে।
ছুটি শেষে আগামী ৯ নভেম্বর সোমবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

